Howrah TIMES ডিজিটাল ডেস্ক:- এখনও বর্ষা আসেনি বঙ্গে। নিম্মচাপে হাত ধরে মাঝেমধ্যে দুএকপশলা বৃষ্টি। আর এই সামান্য বৃষ্টিতেই হাওড়ার ফটিকগাছি থেকে মল্লিক বাড়ি পর্যন্ত বেহাল রাস্তায় জল থৈ থৈ। রাস্তা না বলে একে মরণফাঁদ বলাই ভাল। রাস্তার জায়গায় জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার সেই গর্তগুলিতে জল জমে ছোটখাটো পুকুরের চেহারা নিচ্ছে। প্রাক্ বর্ষাতেই রাস্তার এই বেহাল দশায় সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, এখনই যদি রাস্তার এই অবস্থা হয় তাহলে ভরা বর্ষায় এর হাল কি হবে তা ভেবে আমরা আতঙ্কিত।
এমনিতেই এই রাস্তা যথেষ্ট ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই ফটিকগাছি থেকে ১০ নম্বর পোল- আমতা অটো চলে। প্রতিদিন এই রাস্তা দিয়েই বারংবার রোগী নিয়ে যাতায়াত করে অ্যাম্বুলেন্স । স্থানীয় মানুষের অভিযোগ, বর্ষার আগে এই রাস্তা সারাই না হলে ভরা বর্ষায় হাসপাতাল পৌঁছানোর আগেই যে কোনও সময় দূর্ঘটনা ঘটে এই রাস্তাতেই মৃত্যু হবে রোগীর বা রোগীর সাথে থাকা আত্মীয়দের। এমনিতেই রাস্তার এই বেহাল দশায় প্রতিদিনই ছোটখাটো দূর্ঘটনা লেগেই আছে।
নস্করপুর ও পলগুস্তিয়া এই দুই স্বাস্থ্য কেন্দ্র যেতে যেমন এই পথ ই ভরসা তেমন ই এলাকার ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ যেতে এই রাস্তাই ব্যবহার করেন। তাই ভরা বর্ষা র আগে প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ রাস্তা সারানোর আবেদন রাখছেন এলাকাবাসী।


No comments:
Post a Comment