HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-, এখনও রাজ্য তথা জেলা জুড়ে দাপিয়ে বেড়িয়েছে কাটমানি ইস্যু। আর তার জেরে সব থেকে বেশি অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলের নেতাদেরই। গ্রাম পঞ্চায়েতের নেতা থেকে শুরু করে পুরসভার কাউন্সিলার, জনপ্রতিনিধি নন এমন নেতা মায় জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধেও উঠেছে কাটমানি খাওয়ার অভিযোগ। যদিও শাসক শিবিরের অভিযোগ, এই সব অভিযোগ তোলার পিছনেও একট বড় ভূমিকা হিসাবে কাজ করেছে বিজেপির উস্কানি ও বিক্ষোভ ঘেরাও কর্মসূচি। যদিও কাটমানি বিতর্কে বিজেপির দিকেও উঠেছে কাটমানি নেওয়ার অভিযোগ।
ঠিক যেভাবে তৃণমূল নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে পোস্টার পড়েছে ঠিক সেভাবেই পোস্টার পড়েছে বিজেপি নেতা সায়ন্তন বসুর বিরুদ্ধেও।
বিভিন্ন জেলা থেকে কাটমানি ইস্যুতে পোস্টার, বাড়ি ঘেরাও, মূচলেকা দিয়ে টাকা ফেরতের ঘটনার কথা জানা গেলেও হাওড়া জেলায় সেভাবে কাটমানি ইস্যু প্রভাব ফেলেনি।তবে এবার বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর - কাটমানি ইস্যুতে তাদের বিরুদ্ধে হাওড়া জুড়ে একের পর এক পোস্টার পড়তে শুরু করেছে এবার। কাউন্সিলর শ্যামল মিত্র , বিভাস হাজরা,গৌতম চৌধুরী র বিরুদ্ধে আগেই পোস্টার পড়েছিল হাওড়ায় এবার বিধায়ক জটু লাহিড়ীর বিরুদ্ধে ও কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার পড়ল হাওড়ার রামরাজাতলায়। জটু লাহিড়ীর বিরুদ্ধে স্থানীয় রামরাজা মন্দিরে র পুকুর বুজিয়ে প্রোমোটিংয়ের অভিযোগ ছিল আগে থেকেই। সেই ঘটনার জল কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে।
সূত্রের খবর, এবার জেলায় জেলায় ঘুরবে মুখ্যমন্ত্রীর দফতরের অভিযোগ সেলের বিশেষ দল। গত ১০ জুন এই অভিযোগ সেল চালু করেছিলেন মুখ্যমন্ত্রী।
যে জায়গা থেকে কাটমানি, আর্থিক দুর্নীতি বা সরকারি পরিষেবা নিয়ে অভিযোগ আসবে সেই জেলায় পৌঁছে যাবে অভিযোগ সেলের ওই বিশেষ দল। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় ঘুরবেন আধিকারিকরা। অভিযোগ পেলে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এখন দেখার, হাওড়া জেলায় ওঠা এই অভিযোগ খতিয়ে দেখে কি ব্যবস্থা নেয় অভিযোগ সেলের ঐ বিশেষ দল।




No comments:
Post a Comment